আমার আশার তরীকে লুফে নেবে?

 

শিবপ্রসাদ রাজ

সমুদ্র সৈকত

শিবপ্রসাদ রাজ 


যদি হঠাৎ করেই, কোনো এক গোধূলি বেলায় 

হাজির হই তোর ওই উত্তাল সমূদ্র  সৈকতে। 

সে দিন কি তোর ওই মাতাল ঢেউ, 

আমার উপস্থিতির চিহ্নটুকু মুছে ফেলবে? 

নাকি তার আলতো ছোঁয়ায়, শিহরণ জাগিয়ে, 

আপন ছন্দে দুলতে দুলতে মিলিয়ে যাবে ওই সুদূরে। 


যদি হঠাৎ করেই, কোনো এক কাক ডাকা ভোরে 

তোর সৈকতের, ভেজা বালিতে আমি স্বপ্ন আঁকি। 

তোর ওই নোনা জল কি গর্জন করে আছড়ে পড়ে, 

আমার স্বপ্ন দেখার  স্পর্ধাটুকু কেড়ে নেবে? 

নাকি আমার আঁকা গুলোকে, নিজের আঁচলে ভরে

নিয়ে যাবে তার অন্তরের অনেক গভীরে। 


যদি হঠাৎ করেই, কোনো এক বাদলা দিনে 

তোর সৈকতের ঘোলা জলে, ভাসাই ভেলা। 

তবে কি তোর বুকে ওঠা বিধ্বংসী ঝড়ের আগ্রাসন 

আমার আশার তরীকে লুফে নেবে? 

নাকি তার বায়ুপ্রবাহ আমার পালকে মেলে ধরে 

আমাকে ঠেলে নিয়ে যাবে, এক নিরাপদ আস্তানায়। 


যদি হঠাৎ করেই, কোনো এক খাঁ খাঁ দুপুরে একলা 

এসে দাঁড়াই তোর ওই নির্জন সৈকতে। 

তবে কি, আমাকে না চেনার ভান করে, 

তোর ওই জলোচ্ছাস ভয় দেখিয়ে ফিরিয়ে দেবে? 

নাকি  আপন ভেবে তার রূপে মুগ্ধ করে 

ডেকে নেবে তোর মনের আঙিনায়। 


            .... ধন্যবাদ.....