আগে যারা ছালাম দিয়ে বলতো কথা হেঁসে না তাকিয়ে হনহনিয়ে যায় চলে পাশ ঘেঁষে,
এইতো জীবন,
প্রবক্তা সাধু
যদি সেটা না হয় আমার চোখের দেখা ভুল
অনেকখানি পাকছে আমার কানের পাশে চুল,
দূরের জিনিস ঝাঁপসা দেখি কাছে দেখি ঘোলা
কিছু দাঁতে পোক লেগেছে মাড়ির গোড়া ফোলা,
একটু জোরে না বললে হায় কানে শুনি কম
ভারি কাজে হাঁসফাঁসিয়ে ওঠে আমার দম,
গায়ের ত্বকে ঢিল পড়েছে চশমা লাগে চোখে
নিজের সুরত দেখলে এখন আৎকে উঠি শোকে,
হাঁটতে গেলে পায়ে পায়ে ঠোকাঠুকি লাগে
এমনতরো হয়নি কিন্তু কয়েক বছর আগে,
ধরলে কিছু কাঁপা হাতে ধপ করে যায় পড়ে
বসা থেকে উঠলে কিম্বা বসলে মাথা ঘোরে,
বদহজমে হয়না খাওয়া কোরমা পোলাউ খানা
চিনি লবণ ঝালের খাবার খেতে এখন মানা,
হাঁটুর ব্যথা কোমর ব্যথায় শান্তি নিছে কেঁড়ে
ডায়বেটিসের মাত্রা নাকি গেছে অনেক বেড়ে,
ঘুম হয়না রাতের বেলা ঝিমুই বসে দিনে
হয়না চলা একা একা হাঁটার ছড়ি বিনে,
অনেক স্মৃতি ঝাপসা এখন মন হয়েছে ভুলো
নাইতে গেলে কানের মাঝে গোঁজা লাগে তুলো,
আগে যারা ছালাম দিয়ে বলতো কথা হেঁসে
না তাকিয়ে হনহনিয়ে যায় চলে পাশ ঘেঁষে,
হায়রে সোনার জীবন যৌবন অর্থ বিত্ত টাকা
কবে আসে মরণ শমন প্রহর গুনতে থাকা।
------------------------------------------
১৩/০৩/২০২২ প্রবক্তা সাধু।
Post a Comment